ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, ভোটের মাঠে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে আসতে পারে।
সংবাদ সম্মেলনে শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি সব সময়ই এ দেশের জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। অতীতেও জনগণের যেকোনো রায় তারা মেনে নিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল এবং সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পূর্বশর্ত হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। তিনি বলেন, এই দায়িত্ব অন্তর্বর্তী সরকারের হলেও আশঙ্কাজনকভাবে দেখা যাচ্ছে সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যর্থ হচ্ছে।
তিনি আরও বলেন, সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা সবার অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। অনেক আসনে একাধিক প্রার্থী থাকায় মনোনয়ন চূড়ান্ত করতে দলকে হিমশিম খেতে হয়েছে। যাচাই-বাছাই শেষে আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য সমান সুযোগ প্রদান করবে।