উন্মাদনার আড়ালে ট্র্যাজেডি: ১২ হাজার কিলোমিটার দূরের খেলা নিয়ে বাংলাদেশে ১২ জনের প্রাণহানি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিশ্বকাপ ফুটবল ঘিরে দেশের বিভিন্ন স্থানে সমর্থকদের উচ্ছ্বাস ও প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি বাড়ছে সংঘর্ষের ঘটনাও। কথাকাটাকাটি, সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্য, পতাকা টাঙানো এবং খেলা দেখাকে কেন্দ্র করে সহিংসতায় এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অন্তত ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

নিহতদের মধ্যে তিনজন ছুরিকাঘাতে, তিনজন পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, একজন সড়ক দুর্ঘটনায়, একজন ল্যাম্পপোস্ট ভেঙে, একজন স্ট্রোকে, একজন কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে এবং সর্বশেষ একজন আর্জেন্টিনা সমর্থকদের হামলায় নিহত হয়েছেন।

সবশেষ মঙ্গলবার রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় আর্জেন্টিনা–মিশর ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের সংঘর্ষে মো. শরিফুল ইসলাম (৩২) নিহত হন। তিনি মিশরের সমর্থক ছিলেন। অভিযোগ রয়েছে, আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত দুই ব্যক্তি তার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

একই রাতে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামের ভ্যানচালক রসুল উদ্দীন (৪০) মারা যান। তিনি এলাকায় আর্জেন্টিনা ও লিওনেল মেসির একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

মঙ্গলবার রাতেই চট্টগ্রামের মীরসরাইয়ে আর্জেন্টিনা–মিশর ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে দুজন আহত হন। গুরুতর আহত ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই রাতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা–মিশর ম্যাচ ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের সময় একাডেমিক ভবনে ভাঙচুরের ঘটনাও ঘটে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন। ঘটনাস্থলের ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, হুমকি এবং মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ছাড়া ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে মামুন হোসেন (২২) নামে এক যুবক আহত হন।

এর আগে ৬ জুলাই বগুড়ার শিবগঞ্জে ব্রাজিল–আর্জেন্টিনা সমর্থকদের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী জয় কুমার ও বিশাল কুমার গুরুতর আহত হন। ২৯ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় খেলা দেখার সময় ধূমপানকে কেন্দ্র করে সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, এক সহকারী প্রক্টরসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

২৮ জুন হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল স্কুলবাড়ি মাঠে বড় পর্দায় খেলা দেখানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। ২২ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় খেলা দেখা নিয়ে সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৮ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হন।

বিশ্বকাপ শুরুর পর ১ জুলাই রাজধানীর আদাবর, সিলেটের জকিগঞ্জ ও ঢাকার আশুলিয়ায় পৃথক তিন ঘটনায় তিনজন নিহত হন। আদাবরে খেলা দেখার সময় বাঁশি বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির নেতা আবুল বাশার বাদশা নিহত হন। আশুলিয়ায় ফুটবল ম্যাচ নিয়ে বিরোধের জেরে কিশোর নাহিদ হাসানকে ছুরিকাঘাতে হত্যার পর মাটিচাপা দেওয়ার অভিযোগ ওঠে। জকিগঞ্জে ফুটবল উল্লাসকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হন আলম আহমদ। এছাড়া নড়াইল সদরে কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধে মোস্তফা কাজী নামে এক বৃদ্ধ নিহত হন।

বিশ্বকাপের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ১৯ জুন ময়মনসিংহের গফরগাঁওয়ে মাহিন শেখ, ১৫ জুন চট্টগ্রামে রামহরি বৈষ্ণব এবং ৯ জুন মানিকগঞ্জ সদরে ফয়সাল নামে এক যুবক প্রাণ হারান।

এ ছাড়া ১৩ জুন ভোলায় বিশ্বকাপ উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। গত শুক্রবার চট্টগ্রাম নগরীর হালিশহরে ল্যাম্পপোস্ট ভেঙে মাহিদুল ইসলাম নামে এক যুবক এবং একই দিন বরগুনার তালতলীতে ফুটবল ম্যাচের অনুশীলনের সময় স্ট্রোকে খোকন কর্মকারের মৃত্যু হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, খেলাকে খেলা হিসেবেই নেওয়া উচিত। অতিরঞ্জনের কোনো সুযোগ নেই। সহিংসতা এড়াতে সবাইকে সচেতন হতে হবে এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মুহম্মদ আসাদুজ্জামান সাদী বলেন, ফুটবল বিশ্বকাপকে শুধুই বিনোদনের উপলক্ষ হিসেবে দেখা উচিত। অতিরিক্ত আবেগ ও বাড়াবাড়ি মানুষকে সংঘাতের দিকে ঠেলে দেয়। তিনি খেলাকে কেন্দ্র করে সহিংসতা পরিহার এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে