সামাজিক যোগাযোগমাধ্যমে তুরাগ নদে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর মরদেহ ভেসে থাকার যে দাবি ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
শনিবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, এ ধরনের কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। গুজব বা বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস কিংবা প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ও মনোবল ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
পুলিশ জানায়, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।