এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে এবং তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই সম্ভাব্য সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি ‘অন্যায়’ বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।
বেশ কয়েকদিন ধরেই আলোচনা চললেও ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। বাংলাদেশের এই সিদ্ধান্তের পক্ষে পাকিস্তানের সমর্থনের বিষয়টি এতদিন গুঞ্জন হিসেবে থাকলেও এবার তা প্রকাশ্যে এল পিসিবি চেয়ারম্যানের বক্তব্যে।
লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডে একটি ক্যাফে উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহসিন নাকভি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের সঙ্গে অবিচার করা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের একজন বড় স্টেকহোল্ডার। যেকোনো অবস্থায় তাদের বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া উচিত।’
ভারত-পাকিস্তান ইস্যুতে আইসিসির অবস্থান তুলে ধরে নাকভি দ্বিচারিতার অভিযোগও করেন। তিনি বলেন, ‘গত কয়েক বছরে ভারত চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি। তখন যদি বিষয়গুলোর সমাধান করা যায়, তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে না কেন? ভারত যদি বিশেষ সুবিধা পায়, বাংলাদেশও সেই সুবিধা পাওয়ার অধিকার রাখে।’
পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে নাকভি বলেন, ‘আমরা সরকারের সিদ্ধান্তের প্রতি দায়বদ্ধ। সরকার যদি নির্দেশনা দেয়, তাহলে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে না। আমরা প্রধানমন্ত্রীর দেশে ফেরার অপেক্ষায় আছি। তিনি ফিরলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’