টেকনিক্যাল ত্রুটির কারণে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় স্থগিত থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা আবার শুরু হয়েছে। নৃবিজ্ঞান বিভাগের ভোট দিয়ে নতুন করে এই গণনা কার্যক্রম শুরু করা হয়।
মঙ্গলবার ৬ জানুয়ারি দিবাগত রাত পৌনে ১টার দিকে পুনরায় ভোট গণনা শুরুর ঘোষণা দেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম। তিনি জানান, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে একটি ছোট কেন্দ্রের ভোট ম্যানুয়ালি গণনা করা হবে এবং পরে দুটি ওএমআর মেশিনের মাধ্যমে তা মিলিয়ে দেখা হবে।
তিনি বলেন, প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে—এমন একটি কেন্দ্রের ভোট আগে হাতে গণনা করা হচ্ছে। এরপর সেই ফলাফলের সঙ্গে দুটি ওএমআর মেশিনের ফলাফল মিলিয়ে দেখা হবে। ম্যানুয়াল গণনার সঙ্গে যে মেশিনের ফল মিলবে, পরবর্তী কেন্দ্রগুলোর ভোট সেই মেশিনের মাধ্যমেই গণনা করা হবে। এ সিদ্ধান্ত অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি কাস্টিং ভোট দিয়ে নতুন করে ভোট গণনা শুরু করা হয়েছে।
এর আগে রাত ৯টা ২০ মিনিটে ওএমআর মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দেওয়ায় ভোট গণনা কার্যক্রম স্থগিত করা হয়েছিল।