দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশাল এই গণসংবর্ধনায় দেওয়া তাঁর বক্তব্য দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যেও ভাষণটি ব্যাপক সাড়া ফেলেছে।
এই তালিকায় এবার যুক্ত হলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।
নিজের ফেসবুক পোস্টে পরীমনি লেখেন, ‘আজ এ দেশের মানুষ চায়’—এই কথাটি যখন তিনি বললেন, তখন তা সরাসরি শিরদাঁড়ায় এসে বিঁধে গেল। চারদিকে এক ধরনের মুগ্ধতা ছড়িয়ে পড়ে বলেও উল্লেখ করেন তিনি। পোস্টে পরীমনি সবার জীবনে শান্তি নেমে আসার কামনাও করেন।
তারেক রহমানের বক্তব্যে সাধারণ মানুষের অধিকার ফিরে পাওয়ার আহ্বান পরীমনিকে বিশেষভাবে নাড়া দিয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। শুধু পরীমনিই নন, শোবিজ অঙ্গনের আরও অনেক তারকাও তাঁর বক্তব্যকে ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ বলে প্রশংসা করছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫৭ মিনিটে তারেক রহমান তাঁর বক্তব্য শুরু করেন। মঞ্চে তাঁকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণসংবর্ধনায় ‘প্রিয় বাংলাদেশ’ সম্বোধন দিয়ে বক্তব্য শুরু করেন তারেক রহমান।
তিনি বলেন, প্রথমেই মহান রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করেন এবং তাঁর দোয়ায় মাতৃভূমিতে ফিরে আসার কথা উল্লেখ করেন।
বক্তব্যে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, তেমনি ২০২৪ সালে সর্বস্তরের মানুষ এক হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। তিনি আরও বলেন, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার এবং গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।