পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির প্রবেশপথের ডান পাশে কয়েকটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন আদালত সংশ্লিষ্টরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসে। দুপুর প্রায় ২টার দিকে তারা ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় কোনো ধরনের বিস্ফোরণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। কে বা কারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের মতো গুরুত্বপূর্ণ স্থানে এসব সাউন্ড গ্রেনেড রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।