আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে এবার দেখা গেছে মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যানের প্রচারণামূলক ভিডিওতে। সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট প্রকাশিত প্রায় ৪০ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
ভিডিওতে শুরুতে দেখা যায়, পিটার পার্কার একটি কফিশপে বসে ফোনে কথা বলছেন। এ সময় হাতে একটি ‘স্পাইডি ট্র্যাকার’ নিয়ে সেখানে উপস্থিত হন মেসি। পরে পিটার পার্কার স্পাইডারম্যানের রূপে হাজির হলে ভিডিওর শেষ দৃশ্যে নিউইয়র্কের আকাশে স্পাইডারম্যানের জালে ভর করে দুলতে দেখা যায় মেসিকে।
হলিউডভিত্তিক কয়েকটি গণমাধ্যমের দাবি, মাত্র ২০ সেকেন্ডের উপস্থিতির জন্য মেসি প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। তবে এ বিষয়ে সনি পিকচার্স বা মেসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
আগামী ৩০ জুলাই মুক্তি পাবে মার্ভেলের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ধারণা করা হচ্ছে, সিনেমাটির প্রচারণার অংশ হিসেবেই ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভিডিওতে ব্যবহৃত ‘স্পাইডি ট্র্যাকার’ নিয়েও ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কমিকস অনুযায়ী, ১৯৬৪ সালে প্রকাশিত ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’ সিরিজে পিটার পার্কার প্রথম এই যন্ত্রটি তৈরি করেছিলেন।
এদিকে ট্র্যাকারের পর্দায় দেখা যাওয়া একাধিক লাল বিন্দু নিয়ে মার্ভেলভক্তদের মধ্যে নানা জল্পনা চলছে। অনেকের ধারণা, এটি মাল্টিভার্সের ইঙ্গিত হতে পারে এবং নতুন সিনেমায় একাধিক স্পাইডারম্যানকে দেখা যেতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর কাহিনি এগোবে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার পর থেকে। নতুন অধ্যায়ে রহস্যময় এক হুমকির বিরুদ্ধে লড়াইয়ে স্পাইডারম্যানের সঙ্গে ‘দ্য পানিশার’ ও ‘হাল্ক’-কেও দেখা যাবে বলে জানা গেছে।