গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। ওই হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান তার ছেলে মোজতবা খামেনি। পরবর্তীতে ইরানের নতুন সুপ্রিম লিডারের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
তবে দায়িত্ব নেওয়ার পর থেকে সরাসরি জনসমক্ষে না এসে কেবল বিবৃতির মাধ্যমেই দেশবাসীর সঙ্গে যোগাযোগ রাখছেন মোজতবা। তার এসব বিবৃতি রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হচ্ছে।
এমন পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে নতুন করে জানানো হয়েছে, মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সাম্প্রতিক বিমান হামলার পরও তিনি অক্ষত রয়েছেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে তার জনসমক্ষে অনুপস্থিতি অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এলেক্সাই দেদভ গণমাধ্যমকে জানান, মোজতবা খামেনি ইরানেই অবস্থান করছেন। নিরাপত্তাজনিত কারণে তিনি আপাতত জনসমক্ষে আসছেন না।
বিশ্লেষকদের মতে, চলমান নিরাপত্তা ঝুঁকি এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে নতুন সুপ্রিম লিডারের এমন অবস্থান কৌশলগত সিদ্ধান্ত হতে পারে।