সিট বরাদ্দ পেয়েও হলে উঠতে পারছেন না শিক্ষার্থীরা, ছাত্রদল নেতাদের বিরুদ্ধে কক্ষ দখলের অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের একটি কক্ষ অবৈধভাবে দখল করে রাখার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। হল প্রশাসন কক্ষটিতে নতুন শিক্ষার্থীদের সিট বরাদ্দ দিলেও ছাত্রদল নেতাদের বাধার মুখে তাঁরা রুমে উঠতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে হলের আবাসনসংকটের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের ৪০২ নম্বর কক্ষে মোট পাঁচজন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছিল। তাঁরা হলেন সাগর সাহা, মো. তানভীর হোসাইন রাফি, চয়ন কুরী, প্রিতম মল্লিক ও মুহাম্মদ হাসান। এর মধ্যে সাগর সাহা ও প্রিতম মল্লিকের পড়াশোনা শেষ হওয়ায় গত ২৬ মার্চ ২০২৬ তাঁদের সিট বাতিল করা হয়। বাকি তিনজনের মধ্যে চয়ন ও রাফি নিয়মিত রুমে না থাকায় গত ৮ এপ্রিল প্রশাসন তাঁদের সিটও বাতিল করে। অন্যজন মুহাম্মদ হাসানও বর্তমানে রুমে থাকেন না।

অভিযোগ উঠেছে, শূন্য হওয়া এই কক্ষটি বর্তমানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী অবৈধভাবে দখল করে আছেন। তাঁরা হলেন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের ১৩তম ব্যাচের মামুন হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের শাফিন ইকবাল দিহান, পরিসংখ্যান বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী জাবের এবং মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের জুবায়ের। তাঁদের মধ্যে মামুন হাসান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি, দিহান যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাবের ও জুবায়ের সাধারণ কর্মী হিসেবে পরিচিত।

পরবর্তীতে হল প্রশাসন ওই কক্ষে নতুন শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেয়। কিন্তু ছাত্রদল নেতাদের বাধার কারণে তাঁরা কক্ষে উঠতে পারছেন না। ফলে তাঁরা আগের গণরুম ছাড়তে না পারায়, গণরুমে নতুন সিট পাওয়া শিক্ষার্থীরাও সেখানে উঠতে পারছেন না। এতে হলের সিট বণ্টন ও আবাসন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে।

বৈধ সিট পেয়েও রুমে উঠতে না পারা এবং গণরুমে আটকে থাকা এক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘প্রায় দুই মাস আগে সিট বরাদ্দ পাওয়ার পর ৪০২ নম্বর কক্ষে উঠতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। রাজনৈতিক জটিলতার কারণে আমাদের ওই কক্ষে উঠতে দেওয়া হচ্ছে না। কক্ষের দুটি সিটের মধ্যে একটি খালি হলেও অন্যটি খালি করা হচ্ছিল না। এ বিষয়ে হল অফিসে যোগাযোগ করা হলে তারা জানায়, বর্তমানে সেখানে যারা অবস্থান করছে, তারা সবাই অবৈধ। তবুও তারা সিট খালি করতে অস্বীকৃতি জানাচ্ছে। পরবর্তীতে হল প্রশাসন থেকে ৫০১ ও ৫১৫ নম্বর কক্ষে ওঠার নির্দেশ দেওয়া হয়।’

রুম দখলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, ‘নোবিপ্রবি ছাত্রদল এখন পর্যন্ত কোনো রুম দখল বা হল দখলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়। যারা অ্যালটমেন্ট পেয়েছে, তাদের প্রভোস্টের কাছে যেতে বলুন। প্রভোস্ট স্যার দায়িত্ব পালনের সময় ছাত্রদলের কেউ তাঁকে বাধা দিয়েছে কি না? এ ধরনের মেরুদণ্ডহীন শিক্ষকদের কারণেই আজ বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখল হচ্ছে। ৪০২ নম্বর রুমের বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের যদি কেউ উঠতে না দেয়, তাহলে হল প্রভোস্টকে বলুন আগামীকাল ৪০২ নম্বর রুমে অভিযান চালাতে। ছাত্রদল হোক বা যে দলই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর এই অভিযোগ আমি প্রথম শুনলাম।’

তিনি আরও বলেন, ‘মালেক হলের ৫০ শতাংশের বেশি শিক্ষার্থী অবৈধভাবে থাকেন। আমার ছাত্রদলের এমন কেউ যদি থেকেও থাকে, এই সংখ্যাটা এক, দুই বা তিনজনের বেশি হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমার কোনো আপত্তি নেই।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. তসলিম মাহমুদ বলেন, ‘আমরা অনেকবার ওই রুমে গিয়েছি। তাঁদের সতর্কও করেছি, কিন্তু তারা তা মানেনি। অন্যত্র তারা শাখা ছাত্রদলের সহসভাপতি আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলে। যোগাযোগ করলে তারা নানাভাবে টালবাহানা করে। ৪০২ নম্বর রুমের এক অবৈধ আবাসিক শিক্ষার্থী ও ছাত্রদল নেতা দিহানকে রুম খালি করতে বললে সে বলে, “বৈধ-অবৈধর কী আছে? এই সিটে আমি থাকি। আমি ক্লান্ত, আপনার সঙ্গে কথা বলতে পারব না।” উক্ত রুমে অবস্থান করা মামুন হাসান বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী তো ননই, তিনি হলেও অবৈধভাবে অবস্থান করছেন।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদল সভাপতি ফেসবুকে হল দখলের বিরুদ্ধে পোস্ট দেন। সেই পোস্ট আবার ওই রুমে অবৈধভাবে থাকা শিক্ষার্থীরাও শেয়ার করে। ব্যাপারটি হাস্যকর। এ ছাড়া কোরবানির ছুটির আগে ছাত্রদল সভাপতি হলের সিটের বিষয়ে আমার সঙ্গে অসদাচরণ করেন। আমরা প্রশাসনকে জানিয়েছি। তারা বিষয়টির মীমাংসা করবে বললেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, ‘এ বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এটি এখন আপনার কাছ থেকেই শুনলাম। হল প্রভোস্ট বিষয়টি নিয়ে আসুক, আমি ব্যবস্থা নেব। সবকিছুই বৈধভাবে হতে হবে। অবৈধভাবে কোনো সুযোগ নেই।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন