ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে ৪৭ জন প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অসংগতি ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে পাঁচজনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানান সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি জানান, স্থগিত রাখা মনোনয়নগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী রবিবার (৩ জানুয়ারি) জানানো হবে।
রিটার্নিং কর্মকর্তা বলেন, একসময় দ্বৈত নাগরিকত্ব থাকার পর তা ত্যাগ করার প্রক্রিয়া সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের জন্য সিলেট-১ আসনের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী এহতেশামুল হক এবং সিলেট-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল মালেকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এছাড়া সিলেট-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান এবং সিলেট-৬ আসনের বিএনপির ফয়সল আহমদ চৌধুরী ও গণঅধিকার পরিষদের জাহিদুর রহমানের ক্ষেত্রে বিভিন্ন কাগজপত্রে অসামঞ্জস্য ও প্রয়োজনীয় নথি না থাকায় তাদের মনোনয়নও স্থগিত রাখা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-২ আসনে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পুত্র মো. আবরার ইলিয়াস ও মোহাম্মদ আব্দুস শহীদ, সিলেট-৩ আসনে মোস্তাকিম রাজা চৌধুরী ও মইনুল বাকর এবং সিলেট-৬ আসনে মো. ফখরুল ইসলামের ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশ সমর্থনের সত্যতা নিশ্চিত করা না যাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া সিলেট-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সাঈদ আহমদের হলফনামায় প্রস্তাব ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় এবং সিলেট-৫ আসনে ঋণখেলাপির অভিযোগে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন খালেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
অন্যদিকে, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি মনোনীত প্রার্থী মোছা. তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, যারা আগে দ্বৈত নাগরিক ছিলেন এবং অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে দাবি করেছেন, তাদের সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই শেষে রবিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।