নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে এবং একজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় গোদনাইল এলাকায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোর পাশে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। এ সময় বাংলাদেশ বর্ডার গার্ড ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
সহকারী কমিশনার রাশেদ খান মুঠোফোনে জানান, গোদনাইলে মেঘনা ডিপোর পাশে অভিযানে ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল মজুদের সঙ্গে জড়িত মো. সিফাত নামে একজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
একই সঙ্গে অবৈধ তেল মজুদের অপরাধে তাকে ৬ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে রাত ১০টার দিকে একই এলাকায় আরেকটি স্থানে ফার্নেস অয়েল মজুদের তথ্য পাওয়া গেছে বলে জানান রাশেদ খান। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে বলেও তিনি জানান।