শিক্ষার্থীদের অভিযোগে নতুন মোড়, চাপে নোবিপ্রবির পরিসংখ্যান বিভাগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইফতেখার পারভেজ পুইয়ান ও তাঁর স্ত্রী প্রভাষক মীম্মা তাবাসসুমের বিরুদ্ধে ওঠা অনিয়ম, নম্বর মূল্যায়নে অসঙ্গতি, মানসিক হয়রানি এবং শিক্ষার্থীদের সঙ্গে আচরণ নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট ও মন্তব্যে নানা অভিযোগ প্রকাশ করায় বিষয়টি ক্যাম্পাসজুড়ে আলোচনার কেন্দ্রে এসেছে।

এর আগে সিলেবাসে অনুমোদন না থাকা সত্ত্বেও শিক্ষা সফরের বিল উত্তোলন এবং নম্বর টেম্পারিংয়ের অভিযোগ সামনে আসে। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তের উদ্যোগ নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেন। তাঁদের অনেকের দাবি, দীর্ঘদিন ধরে বিভাগে এমন একটি পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে মতভিন্ন শিক্ষার্থীরা একাডেমিক ও মানসিক চাপে থাকতেন।

সম্প্রতি বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী কবির হোসেন এক ফেসবুক পোস্টে দাবি করেন, পরিসংখ্যান বিভাগের প্রতি ভালোবাসা থেকেই তিনি বিষয়টি প্রকাশ্যে এনেছেন। তাঁর ভাষ্য, পোস্ট প্রকাশের পর বিভিন্ন ব্যাচের অসংখ্য শিক্ষার্থী তাঁর সঙ্গে যোগাযোগ করেন। অনেকেই অভিযোগ করেছেন, তাঁরা এখনো প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না। কেউ কেউ আশঙ্কা করছেন, অভিযোগ করলে একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তিনি আরও বলেন, যদি শিক্ষার্থীদের মধ্যে সত্যিই এমন ভয়ের সংস্কৃতি তৈরি হয়ে থাকে, তবে সেটি বিভাগের জন্য উদ্বেগজনক।

একই ধরনের অভিযোগ করেছেন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে পিএইচডি অধ্যয়নরত আবু তারেক রনি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ওই শিক্ষক দম্পতির নেওয়া কোর্সে তিনি ধারাবাহিকভাবে প্রত্যাশার তুলনায় কম নম্বর পেতেন। তাঁর প্রশ্ন, একজন শিক্ষকের কাছে সব শিক্ষার্থী সমান হওয়ার কথা হলেও কেন আলাদা পক্ষ বা গোষ্ঠী থাকবে। তিনি আরও দাবি করেন, সেই অভিজ্ঞতা থেকে সৃষ্ট মানসিক চাপের কারণে তিনি ওই বিভাগে মাস্টার্স করার সাহস পাননি।

ফেসবুকে প্রকাশিত বিভিন্ন মন্তব্যেও গুরুতর অভিযোগ উঠে এসেছে। ফয়সাল এম রহমান নামের এক শিক্ষার্থী দাবি করেন, নির্দিষ্ট শিক্ষার্থীদের নম্বর বাড়িয়ে দেওয়া হলেও মেধাবী অন্য শিক্ষার্থীরা প্রত্যাশিত নম্বর পাননি। নিজের মন্তব্যে তিনি লেখেন, "স্যারের পক্ষে কথা বলা স্টুডেন্ট পায় ৬৯, আর আমাদের বিভাগের ডিনস অ্যাওয়ার্ড পাওয়া স্টুডেন্ট পায় ৬০। মার্কস টেম্পারিং ছাড়াও মানসিক হেনস্তার অনেক প্রমাণ আছে।"

বিভাগের মেধাতালিকায় শীর্ষে থাকা শিক্ষার্থী সুমাইয়া নূর জান্নাত নাবিহাও দীর্ঘ এক পোস্টে অভিযোগ করেন, প্রথম সেমিস্টার থেকে ধারাবাহিকভাবে প্রথম হওয়া সত্ত্বেও শেষ বর্ষে নির্দিষ্ট শিক্ষকের তত্ত্বাবধানে থিসিস বা প্রজেক্ট না করায় তিনি একাডেমিকভাবে বৈষম্যের শিকার হন। তাঁর দাবি, ১০০ নম্বরের ভাইভায় ইচ্ছাকৃতভাবে কম নম্বর দেওয়া হয় এবং ভাইভা বোর্ডে তাঁকে এমনভাবে অপদস্থ করা হয় যে কান্না করতে করতে বের হতে হয়। তিনি আরও অভিযোগ করেন, ক্লাসে তাঁকে বারবার বলা হতো, “ভালো রেজাল্ট করলেই ভালো স্টুডেন্ট হওয়া যায় না” এবং “তুমি কোনো কিছুরই যোগ্য নও”। তাঁর ভাষ্য, এসব ঘটনার কারণে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের পরও ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল।

১৩তম ব্যাচের আরেক সাবেক শিক্ষার্থী ইমন দত্ত তাঁর পোস্টে দাবি করেন, এই শিক্ষক দম্পতির আচরণের কারণে তাঁদের ব্যাচের শিক্ষার্থীদের আড্ডার বড় একটি বিষয় ছিল হতাশা ও মানসিক চাপ। তাঁর অভিযোগ, ১২তম ব্যাচ প্রথমবার নম্বর টেম্পারিংয়ের অভিযোগ তোলার পর সহকারী অধ্যাপক ইফতেখার পারভেজ পুইয়ান ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের ফোন করে বিবৃতি ও স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেছিলেন, যদিও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।

ইমন দত্ত আরও দাবি করেন, ফলাফল খারাপ হওয়ার পর কয়েকজন শিক্ষার্থীকে ডেকে বলা হয়েছিল, “টিচাররা চাইলে রেজাল্ট তুলতে পারে, নামাতেও পারে”। তাঁর ভাষ্য, কিছু শিক্ষার্থী এতটাই মানসিক চাপে ছিলেন যে আত্মহত্যার চিন্তাও করেছিলেন।

বিভাগের সাবেক শিক্ষার্থী রাকিব রহমান তাঁর পোস্টে পরিসংখ্যান বিভাগের শিক্ষক কোরামের অন্তর্দ্বন্দ্ব এবং একটি ‘সিন্ডিকেট’ থাকার অভিযোগ করেন। তাঁর দাবি, যেসব শিক্ষার্থী শিক্ষক দম্পতির অপছন্দের ছিলেন, তাঁদের জুনিয়রদের সামনেও অপমান করা হতো। প্রিয় শিক্ষার্থীদের মাধ্যমে অন্যদের তথ্য সংগ্রহ করা হতো বলেও তিনি অভিযোগ করেন। এমনকি আগের বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গেও ওই শিক্ষক দম্পতির বিরোধ ছিল বলে তিনি পোস্টে উল্লেখ করেন।

এদিকে, এর আগে ২০২১–২২ শিক্ষাবর্ষের সিলেবাসে শিক্ষা সফরের বিধান না থাকা সত্ত্বেও শিক্ষা সফরের বিল উত্তোলনের অভিযোগ ওঠে। ওই অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত শুরু করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক বর্তমান ও সাবেক শিক্ষার্থী নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে সহকারী অধ্যাপক মো. ইফতেখার পারভেজ পুইয়ান অস্বীকার করে বলেন, বিশ্ববিদ্যালয়ের দ্বি-স্তরবিশিষ্ট মূল্যায়ন পদ্ধতির কারণে এককভাবে নম্বর কমানোর সুযোগ নেই এবং তিনি ও তাঁর স্ত্রী কখনো একসঙ্গে যুগল পরীক্ষক ছিলেন না, যার দাপ্তরিক প্রমাণ রয়েছে। এছাড়া ভাইভার গোপনীয় নম্বর ফাঁস করা একটি অপরাধ। ক্লাসে ২০ মিনিট দেরিতে আসা শিক্ষার্থীকে পড়া বোঝার সুবিধার্থে পরবর্তী ক্লাসে আসতে বলা একজন শিক্ষকের স্বাভাবিক দায়িত্ব, কোনো মানসিক হয়রানি নয়। তিনি আরও বলেন, তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন; সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভাগে থেকে নিয়মিত ক্লাস নেন, যা শিক্ষার্থীরাই নিশ্চিত করবে।

তাঁর স্ত্রী সহকারী অধ্যাপক মীম্মা তাবাসসুমকেও মার্ক টেম্পারিং ও মানসিকভাবে হয়রানির অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি তা অস্বীকার করেন।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং তদন্ত কমিটির সঙ্গে বসে পর্যালোচনা করবেন। যদি সত্যিই দোষ প্রমাণিত হয়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে ওঠা এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা উচিত। তাঁদের মতে, এতে বিভাগের একাডেমিক পরিবেশ ও শিক্ষক–শিক্ষার্থীর পারস্পরিক আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন