শহীদ হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে বাংলাদেশ থেকে পালাতে সহায়তা করার অভিযোগে আলোচিত ফিলিপ সাংমাকে ভারতে আটক করা হয়েছে।

আজ শনিবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর এলাকার কাছ থেকে তাকে আটক করা হয়। কলকাতাভিত্তিক কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা ফিলিপ সাংমাকে আটকের বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশ আনুষ্ঠানিকভাবে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনকে জানিয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ সাংমা স্বীকার করেন, তিনি ফয়সাল করিম ও আলমগীরকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশে সহায়তা করেছিলেন। বাংলাদেশে গ্রেপ্তার এড়াতে পরবর্তীতে তিনিও অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।

গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয় এবং বর্তমানে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এসটিএফ জানিয়েছে।

এর আগে গত শনিবার দিবাগত রাতে ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল।

গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছুক্ষণ পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ছয় দিন পর সেখানে তার মৃত্যু হয়।

পুলিশ হামলাকারী হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীরকে শনাক্ত করলেও দীর্ঘদিন তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, হামলার দিনই তারা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সীমান্ত পার হওয়ার জন্য আগেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। এতে সহযোগিতা করেছিলেন নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা তাইজুল ইসলাম চৌধুরী (বাপ্পী)। সীমান্ত এলাকার দালালদের সহায়তায় ফয়সাল ও আলমগীরকে ভারতে পার করে দেওয়া হয়।

হালুয়াঘাট সীমান্ত এলাকায় টাকার বিনিময়ে অবৈধভাবে মানুষ পারাপারের সঙ্গে জড়িত কয়েকজন দালালের মধ্যে ফিলিপ সাংমা একজন। সীমান্তসংলগ্ন ভুটিয়াপাড়া গ্রামেই তার বাড়ি।

এর আগে পুলিশ অভিযান চালিয়ে ফিলিপের দুই সহযোগীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে জানা যায়, ফয়সাল ও আলমগীরকে সীমান্ত পার করানোর পর টেলিভিশনের সংবাদ দেখে তারা বুঝতে পারেন যে, তারা ঢাকায় একটি বড় ঘটনা ঘটিয়ে পালিয়ে এসেছে। এরপর ফিলিপকে সতর্ক করা হলে তিনিও আত্মগোপনে চলে যান।

ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফিলিপসহ তিনজনকে ভারতে গ্রেপ্তার করা হলো। এর আগে আটক ফয়সাল ও আলমগীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই হত্যা মামলায় দেশে এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা সবাই অভিযোগপত্রভুক্ত আসামি। তবে তাইজুলসহ আরও দুজন এখনো পলাতক।

এ ঘটনায় গত ৭ জানুয়ারি গোয়েন্দা পুলিশ ১৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল। পরে মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের নারাজি দিলে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার