মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বলিউড বাদশা শাহরুখ খানকে লক্ষ্য করে ‘গাদ্দার’ ও ‘দেশদ্রোহী’র মতো আক্রমণাত্মক মন্তব্য ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, যেভাবে খুশি সেভাবেই ব্যক্তিগত আক্রমণ ও গালমন্দ করা হচ্ছে তাঁকে।
এই প্রেক্ষাপটে বিজেপি নেতা ঠাকুর রঘুরাজ সিং এক বক্তব্যে শাহরুখ খানের ফাঁসির দাবি করে বসেন। তবে বক্তব্যে গিয়ে তিনি শাহরুখের পরিবর্তে সালমান খানের নাম উল্লেখ করেন, যা নতুন করে বিতর্কের জন্ম দেয়।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে রঘুরাজ সিং বলেন, সালমান খানের সব ভালোবাসা নাকি পাকিস্তানের প্রতি। তিনি দাবি করেন, সালমানকে সেখানে পাঠিয়ে দেওয়া উচিত এবং তাঁকে দেশদ্রোহী আখ্যা দিয়ে ফাঁসির কথা বলেন। এই মন্তব্য ভাইরাল হলে চাপের মুখে পড়েন তিনি।
পরবর্তীতে রঘুরাজ সিং দাবি করেন, তিনি আসলে শাহরুখ খানের সমালোচনা করতে চেয়েছিলেন, ভুলবশত সালমান খানের নাম মুখে চলে আসে। এ নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হলে তিনি বলেন, পাকিস্তান কোনো সমস্যায় পড়লে শাহরুখ খানের দরদ উথলে ওঠে এবং সেখানে তিনি অর্থসহায়তাও করেন, অথচ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি নীরব রয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এই কারণেই তিনি শাহরুখ খানের সমালোচনা করতে চেয়েছিলেন।
এর আগে উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম শাহরুখ খানকে ‘গাদ্দার’ বলে কটাক্ষ করেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ঠাকুর রঘুরাজ সিং, যদিও নামের ভুলের কারণেই তিনি নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন।