সোমবার (১৬ মার্চ) হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফর্টিফাই রাইটস, আর্টিকেল নাইনটিন, সিপেজি, সিভিকাসসহ ৯টি সংগঠন এই চিঠি পাঠায়। একই চিঠি আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও প্রেরণ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর দল বিএনপি সরকারের সামনে নানা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই সময়কে মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কারের সুযোগ হিসেবে দেখছে।
সংগঠনগুলোর মতে, শেখ হাসিনার শাসনামলে জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল। যদিও তার সরকারের পতনের পর এসব ঘটনা কিছুটা কমেছে, অন্তর্বর্তী সরকারের সময়ও রাজনৈতিক প্রতিপক্ষকে ইচ্ছামতো আটক, সাংবাদিক, ধর্মীয় সংখ্যালঘু এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলা সম্পূর্ণভাবে বন্ধ হয়নি।
চিঠিতে বাংলাদেশের আশ্রয়প্রাপ্ত ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন করার পরামর্শ দেওয়া হয়েছে।
সংগঠনগুলো মানবাধিকার সুরক্ষায় প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ ও আইনগত সংস্কারের জন্য কিছু নির্দিষ্ট সুপারিশও প্রদান করেছে।