রোববার (১২ জানুয়ারি) দুপুরে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর ও পূর্ব শিবপুর গ্রাম থেকে মৃত দুই মাদকসেবীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন সরকার জানান, শনিবার (১১ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে শ্যামপুরহাট এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জয়নুল আবেদীনের বাড়িতে রেকটিফায়েড স্পিরিট পান করেন গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের পুত্র আলমগীর হোসেন ও পূর্ব শিবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র সোহেল মিয়া সহ আরও কয়েকজন মাদকসেবী। মাদক সেবনের পরপরই তারা অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলেই আলমগীর হোসেন ও সোহেল মিয়ার মৃত্যু হয়। পরে তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে গোপনে দাফনের চেষ্টা করা হয়। অসুস্থ অন্যদের কঠোর গোপনীয়তার সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন মাদক ব্যবসায়ী জয়নুলসহ স্থানীয় মাদক সিন্ডিকেটের সদস্যরা। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মৃত আলমগীর ও সোহেল মিয়ার লাশ উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় মাদক ব্যবসায়ী জয়নুল আবেদীনকে গ্রেফতার করা হয়।