রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকালে নগরীর সিএনবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত করে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে নগরীর সিএনবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ এতে অংশ নেন।
এর আগে সকাল ৮টায় নগরীর টিকাপাড়া গোরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত করা হয়। সেখানে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কবর জিয়ারতে অংশ নেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান এবং শহীদ সাকিব আনজুমের বাবা মাইনুল হক।
পরে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের অবদানের প্রতি সম্মান জানান।
অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, রাসিকের সচিব সোহেল রানা, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মঈদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী কালেক্টরেট মসজিদের খতিব মাওলানা নাজমুল ইসলাম।