মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে নওদাপাড়া ও শিরোইল বাস টার্মিনালে শ্রমিকদের একাংশের ডাকা কর্মবিরতির কারণে কোনো বাস ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বাস কাউন্টার সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়েছে। কখন বাস চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি সংশ্লিষ্টরা।
এর আগে সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন ও নির্বাচন আয়োজন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়।
প্রস্তাবিত কমিটিতে জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর, রাজশাহী মহানগর পুলিশ ও শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি রাখার বিষয়ে আলোচনা হলেও বাস মালিক সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ সময় জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু এবং বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটে। ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।
বৈঠকের পর শ্রমিকরা কেন্দ্রীয় বাস টার্মিনালে ফিরে সাময়িকভাবে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন। পরে স্বল্প সময়ের জন্য বাস চলাচল শুরু হলেও মঙ্গলবার সকাল থেকে আবারও কর্মবিরতি পালন করে শ্রমিকদের একটি অংশ।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম বলেন, নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৈঠকে মতবিরোধের কারণে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
অন্যদিকে, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল দাবি করেন, সব রুট নয়, শুধু উপজেলা পর্যায়ের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বিভিন্ন বাস কাউন্টারের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, রাজশাহী থেকে দূরপাল্লাসহ সব রুটেই বাস চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চালিয়ে বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।