আকাশ ও সড়কপথের পাশাপাশি একসময় রেলপথেও বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত যাত্রী চলাচল হতো। তিনটি আন্তঃদেশীয় ট্রেনে দুই দেশের মানুষ যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে সেই সেবা বন্ধ রয়েছে।
গত ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার পাশাপাশি পর্যটন ভিসাও চালু করেছে ভারত। এর পর থেকেই দেশটির বিভিন্ন গন্তব্যে ভ্রমণে আগ্রহীদের মধ্যে আন্তঃদেশীয় ট্রেন চালুর বিষয়ে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ট্রেন চলাচল পুনরায় শুরু করার বিষয়ে ভারতীয় রেলওয়েকে সর্বশেষ যে চিঠি পাঠানো হয়েছিল, তার এখনো কোনো জবাব পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে অগ্রগতি হয়নি।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রেলপথ মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা পাওয়া গেলে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আবারও যোগাযোগ করা হবে। তবে বর্তমানে ট্রেন চলাচল শুরুর সম্ভাব্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।