সোমবার (৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রতিমন্ত্রী বলেন, 'বর্তমান পরিস্থিতিতে মন্ত্রণালয় সশরীরে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার পক্ষে। স্কুল বন্ধের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখাই সরকারের প্রধান লক্ষ্য।'
পরিদর্শনের সময় ববি হাজ্জাজ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। বিশেষভাবে ‘মিড ডে মিল’ কর্মসূচি, স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
প্রতিমন্ত্রী বলেন, 'প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস খুব বেশি কার্যকর নয়। তাই মন্ত্রণালয় এখনো সশরীরে পাঠদানের ওপর জোর দিচ্ছে। তবে পরিস্থিতি খারাপ হলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি বলেন, 'জুন-জুলাই মাস নাগাদ সরকার শিক্ষা ক্ষেত্রে নতুন ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। এই পদক্ষেপগুলোর মাঠপর্যায়ের প্রস্তুতি এবং বিদ্যালয়ের বর্তমান অবস্থা যাচাই করতেই এই পরিদর্শন করা হয়েছে।'
পরিশেষে প্রতিমন্ত্রী আশ্বাস দেন, নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নতুন শিক্ষাক্রম ও উন্নয়ন প্রকল্পের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে, যা সরাসরি সরকারের উচ্চ পর্যায়ে শিক্ষার অবস্থা তুলে ধরবে।