সামাজিক যোগাযোগমাধ্যমে গণমাধ্যমকর্মীদের নিয়ে করা এক মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান। তাঁর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নিন্দা প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ডা. মিজানুর রহমান লেখেন, ‘আমার মনে হয় কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী।’ তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। পরে পোস্টটি তাঁর ফেসবুক টাইমলাইনে আর দেখা যায়নি বলে জানা গেছে।
সাংবাদিক সংগঠনগুলোর নেতারা এ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের মতে, সাংবাদিকেরা সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। কোনো সংবাদ বা সংবাদকর্মীর কর্মকাণ্ড নিয়ে আপত্তি থাকলে তা যুক্তিসংগতভাবে প্রকাশ করা যেতে পারে। তবে একটি পেশার সঙ্গে যুক্ত সবাইকে নিয়ে এ ধরনের সাধারণীকরণ গ্রহণযোগ্য নয়।
স্থানীয় গণমাধ্যমকর্মীদের কয়েকজনও মন্তব্যটির সমালোচনা করেছেন। তাঁদের ভাষ্য, সরকারি দায়িত্বে থাকা একজন কর্মকর্তার সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংযত থাকা প্রয়োজন। তাঁরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার প্রকাশ্যে দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে ডা. মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আ. সালাম বলেন, একজন চিকিৎসকের কাছ থেকে সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। সাংবাদিকদের প্রতিবাদের পাশাপাশি বিষয়টি যাচাই করে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সদ্য সংবাদ/এসএস