পাবনার ঈশ্বরদীতে জামায়াতের এক নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে বিএনপির রাজনৈতিক ভূমিকার সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, হামলার শিকার বাড়িটি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের শ্বশুরের। ওই ব্যক্তি জামায়াতের একজন ইউনিয়ন আমীর বলেও উল্লেখ করেন সাদিক কায়েম।

ফেসবুক পোস্টে তিনি বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে বিএনপির কিছু নেতাকর্মী ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যাদের ওপর, তাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধেই এমন অভিযোগ ওঠা উদ্বেগজনক।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ার অভিযোগও করেন ডাকসু ভিপি। তাঁর মতে, এ ধরনের সহিংসতা রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও ফ্যাসিবাদবিরোধী ঐক্যের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, রাজনৈতিক ঐক্যের কথা বলার পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগের বিষয়েও দলটিকে দায়িত্বশীল অবস্থান নিতে হবে। এ ধরনের দ্বিমুখী আচরণ পরিহার করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সদ্য সংবাদ/এসএস