জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেন: রাফি

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬ ১৩:৪৯:৪৯
ছবি: সংগৃহীত

নেত্রকোণায় গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় নিজের বাবা-মায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি। ঘটনার এক দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদের পদত্যাগ দাবি করেছেন এই ছাত্রনেতা।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাফির অভিযোগ, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে নেত্রকোণায় তাঁদের পৈতৃক বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে দুর্বৃত্তরা। ওই সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন তাঁর বাবা-মা। বাড়ির বারান্দায় আগুন দেখতে পেয়ে প্রতিবেশী এক নারীর চিৎকারে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। তবে বাড়ির পাশে রাখা মাছ ধরার ঠেলা জালের কিছু অংশ পুড়ে যায়। কাছেই ছিল বাড়ির বিদ্যুতের মিটার।

ঘটনার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে আটক করতে পারেনি উল্লেখ করে রাফি বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে পুলিশকে তথ্য দেওয়া হয়েছে। এরপরও কার্যকর পদক্ষেপ না থাকায় তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। বাবা-মায়ের কোনো ক্ষতি হলে এর দায় কে নেবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে রাফি এসব নাশকতা প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সমালোচনা করেন। তাঁর দাবি, সরকারের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে না। জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগ তুলে দলটির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান রাফি। তাঁর ভাষ্য, বাসে আগুন, বাড়িঘরে হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না; এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর তাঁদের মুক্ত করতে বিএনপির কয়েকজন নেতার তদবিরের অভিযোগও করেন তিনি। তাঁর দাবি, এ ধরনের তৎপরতা অপরাধীদের আবারও সহিংস কর্মকাণ্ডে জড়ানোর সুযোগ তৈরি করছে। এ বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নিজের পরিবারের ওপর হামলার চেষ্টা তাঁকে আন্দোলন থেকে সরাতে পারবে না জানিয়ে রাফি বলেন, ভয়ভীতি দেখিয়ে জনগণের অধিকার আদায়ের লড়াই বন্ধ করা সম্ভব নয়। প্রয়োজনে জীবন দিতে হলেও এই সংগ্রাম অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী