যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
এ ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাবেক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনা রাজনৈতিক সহিংসতার একটি উদ্বেগজনক দৃষ্টান্ত। এ ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সহিংস ও অমানবিক প্রবণতা আবারও প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে এনসিপির আহ্বায়ক আরও বলেন, জনগণের প্রত্যাখ্যানের পরও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের আচরণে পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না। অতীতের কর্মকাণ্ডের জন্যও তাদের মধ্যে অনুশোচনার অভাব রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম দেশে ও দেশের বাইরে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্ক প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে জুলাই গণহত্যা এবং ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে রায় কার্যকরের দাবি জানান তিনি। তাঁর মতে, গণহত্যা ও সন্ত্রাসের অভিযোগে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করা প্রয়োজন।
এ ছাড়া দেশের সংকটকালীন সময়ে দায়িত্ব পালন এবং গণতন্ত্র পুনর্গঠনে ভূমিকা রাখা অন্তর্বর্তী সরকারের সাবেক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় এই চিফ হুইপ।
সদ্য সংবাদ/এসএস