দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় বিদেশে চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার রাত ৯টার দিকে তাকে বহনকারী ফ্লাইটের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই উন্নত বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ ও মেডিক্যাল বোর্ডের নির্দেশনা অনুযায়ী মির্জা আব্বাস দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে গত ১১ মার্চ রাজধানীতে ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরিস্থিতি জটিল হওয়ায় ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর আরও উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় কয়েক মাস চিকিৎসা ও পর্যবেক্ষণে থাকার পর এবার দেশে ফিরছেন তিনি।
রাজনীতির পাশাপাশি সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মির্জা আব্বাস।
সদ্য সংবাদ/এসএস