মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের ২২ হাজার টাকার দাবি, মালিকপক্ষ দিতে চায় ১৫ হাজার ৮০০

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৬ ১৫:৩৫:৪০
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের অবস্থানে এখনো বড় ব্যবধান রয়ে গেছে। শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা করার দাবি জানিয়েছে শ্রমিকপক্ষ। বিপরীতে, মালিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ১৫ হাজার ৮০০ টাকা। দুই পক্ষের প্রস্তাবে পার্থক্য ৬ হাজার ২০০ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভায় দীর্ঘ আলোচনা হলেও এ বিষয়ে ঐকমত্য হয়নি। ফলে পরবর্তী আলোচনার জন্য সভা মুলতবি করা হয়। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় আবারও বৈঠকে বসার কথা রয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, আলোচনার শুরুতে মালিকপক্ষ ১৫ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। পরে আলোচনা এগোলে দুই দফায় সংশোধন করে তা ১৫ হাজার ৮০০ টাকায় উন্নীত করা হয়। অন্যদিকে, আগের বৈঠকে শ্রমিকপক্ষের দেওয়া ৩২ হাজার টাকার দাবি কমিয়ে এবার ২২ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সোমবার বেলা পৌনে ১২টায় শুরু হওয়া বৈঠকটি বিরতি দিয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে। দীর্ঘ সময় আলোচনা করেও কোনো সমাধান না আসায় নতুন করে আলোচনার সিদ্ধান্ত নেয় বোর্ড।

মজুরি নির্ধারণের বিবেচ্য বিষয়গুলো তুলে ধরে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি জানান, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, পরিবারের সদস্যসংখ্যা, শিল্পমালিকদের আর্থিক সামর্থ্য এবং ক্ষুদ্র ও মাঝারি কারখানার পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতায় টিকে থাকার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তিনি আরও জানান, মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে বোর্ডের চূড়ান্ত সুপারিশ ও সরকারের সিদ্ধান্তের ভিত্তিতেই নতুন মজুরি কার্যকর হবে।

শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষের সর্বশেষ প্রস্তাব শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য হয়নি। অন্যদিকে, শ্রমিকদের দাবিও মালিকপক্ষ মেনে নেয়নি। দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় আরও আলোচনা প্রয়োজন বলে মনে করেন তিনি।

মজুরি নিয়ে আলোচনা চলার মধ্যেই শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। সোমবার গাজীপুর ও সাভারের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। আশুলিয়ায় অসন্তোষের কারণে ৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রাখা হয় আরও ২২টি কারখানা। নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভের সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিন শ্রমিক আহত হন।

শিল্প পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর আওতাধীন সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় বিভিন্ন খাতের মোট ১ হাজার ৭২৩টি কারখানা রয়েছে। এর মধ্যে তৈরি পোশাক কারখানার সংখ্যা ৭৩৬টি।

এর আগে গত ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সভায় ৯ নভেম্বর শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিল। ১৬ নভেম্বর নির্ধারিত সভা স্থগিত হওয়ার পর সোমবার বোর্ডের পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হয়।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে