আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর সাধারণ মানুষের নাগালে রাখতে বিক্রির পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটি এবার সারা দেশে ৫২০টি ট্রাকে পণ্য বিক্রির পরিকল্পনা করছে। গত রমজানে এ কার্যক্রম পরিচালিত হয়েছিল ৪৫০টি ট্রাকের মাধ্যমে।
নতুন পরিকল্পনা কার্যকর হলে প্রায় ৪০ লাখ মানুষ কম দামে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন বলে আশা করছে টিসিবি। গতবারের তুলনায় এবার উপকারভোগীর সংখ্যা ৬ লাখ বাড়ানোর লক্ষ্য রয়েছে।
রমজানে চাহিদা বাড়ে এমন ভোজ্যতেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুরের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতেও প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। একই সঙ্গে স্মার্ট কার্ডের আওতাভুক্ত নন, এমন সাধারণ ক্রেতাদের জন্যও খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) কার্যক্রম চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, রমজানের সম্ভাব্য চাহিদা মাথায় রেখে পণ্য সংগ্রহের কাজ চলছে। নিয়মিত কার্যক্রমে পণ্যের সংকট হওয়ার আশঙ্কা নেই। তবে কার্ডধারীদের বাইরেও বেশি মানুষের কাছে কম দামে পণ্য পৌঁছে দিতে অতিরিক্ত বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বাড়তি পণ্য সংগ্রহের বিষয়ে আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ চলছে। কয়েকটি পণ্যের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে। তবে অতিরিক্ত কত পরিমাণ পণ্য আমদানি করা হবে, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে টিসিবির।
এদিকে চলতি অর্থবছরের প্রথম কয়েক মাসে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) হিসাবে, গত ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। এ সময়ে সয়াবিন বীজ আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার টনে।
চিনির ক্ষেত্রেও আমদানি বেড়েছে। আলোচিত সময়ে ৬ লাখ ৮৭ হাজার টন চিনি দেশে এসেছে, যা আগের বছরের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি। ছোলা আমদানি হয়েছে ৮২ হাজার টন; আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১২ হাজার টন।
এ ছাড়া মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৬৪ হাজার টন বেশি। খেজুরের আমদানিও ৪ হাজার টন থেকে বেড়ে ১১ হাজার টনে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, আমদানি বৃদ্ধি ও সরকারি পর্যায়ে পণ্য সংগ্রহের পাশাপাশি টিসিবির ট্রাকসেল কার্যক্রম সম্প্রসারণ রমজানে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হতে পারে। তবে পরিকল্পনার সুফল পেতে সময়মতো পণ্য বাজারে আনা এবং সাধারণ ক্রেতাদের কাছে সাশ্রয়ী দামে বিক্রি নিশ্চিত করা জরুরি।
সদ্য সংবাদ/এজে