জ্বালানি তেলের বাজারে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কার্যকর কোনো বিকল্প ছিল না।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওপর চাপ তৈরি হয়েছে। এর পাশাপাশি জ্বালানি পরিবহনে জাহাজের ভাড়া ও বিমা প্রিমিয়ামও বেড়েছে। এসব কারণে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রয়োজন হয়েছে।
দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের ওপর যে অতিরিক্ত চাপ তৈরি হবে, সে বিষয়েও দুঃখ প্রকাশ করেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্যও সহজ নয়।
নিজের রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, মানুষের জীবনযাত্রার কষ্ট কমানোর লক্ষ্যেই তিনি রাজনীতিতে এসেছেন। ফলে মূল্যবৃদ্ধির কারণে জনগণের ভোগান্তির বিষয়টি তিনি উপলব্ধি করেন।
তিনি আরও বলেন, সরকার বাধ্য না হলে এমন সিদ্ধান্ত নিতে চাইত না। বর্তমান সংকট দীর্ঘস্থায়ী হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তখন দাম আগের পর্যায়ে ফিরিয়ে নেওয়া কিংবা আরও কমানোর চেষ্টা করা হবে।
সদ্য সংবাদ/এসএস