বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের সম্ভাবনাময় অর্থনৈতিক খাতে সুইজারল্যান্ডের বিনিয়োগ বাড়ানোর সুযোগ নিয়ে দুই পক্ষ মতবিনিময় করে।
আলোচনায় অর্থনৈতিক সহযোগিতাকে দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি বাংলাদেশি কর্মীদের কারিগরি ও পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
বাংলাদেশ ও সুইজারল্যান্ডের রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে নিয়মিত পারস্পরিক সফর ও যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে সুইস রাষ্ট্রদূত বার্নে বাংলাদেশের নতুন দূতাবাসের কার্যক্রম শুরু হলে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার আশা প্রকাশ করেন।
এ সময় গণতন্ত্র, মানবাধিকার, বহুপাক্ষিক সহযোগিতা, আন্তর্জাতিক আইন এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি দুই দেশের অভিন্ন অঙ্গীকারের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। এসব মূল্যবোধ রক্ষায় আন্তর্জাতিক ও বহুপাক্ষিক বিভিন্ন প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে সুইজারল্যান্ডের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি।
রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে আন্তর্জাতিক উদ্যোগকে সমর্থন দেওয়ার বিষয়েও সুইজারল্যান্ডের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
সদ্য সংবাদ/এসএস