ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ প্রশাসনে দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে। একই জায়গায় তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরতদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
এ বিষয়ে গত ১ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে একটি পরিপত্র জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
মন্ত্রণালয় বলছে, ভূমি ব্যবস্থাপনা ও ভূমিসেবা সরাসরি মানুষের সম্পদ, জীবিকা ও দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত। ফলে এ খাতে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি বজায় রাখতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন ও পদায়নে নিয়মিত পরিবর্তন গুরুত্বপূর্ণ।
পরিপত্রে দীর্ঘ সময় একই কর্মস্থলে থাকার সম্ভাব্য ঝুঁকির কথাও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, কোনো কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন একই এলাকায় দায়িত্ব পালন করলে স্থানীয়ভাবে অতিরিক্ত ব্যক্তিগত যোগাযোগ বা স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ থাকে। এতে কিছু ক্ষেত্রে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালনে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।
বিশেষ করে ভূমি ব্যবস্থাপনার মতো সংবেদনশীল সরকারি সেবায় নিয়মিত বদলি বা রোটেশন চালু রাখার মাধ্যমে এসব ঝুঁকি কমানোর পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা সম্ভব বলে মনে করছে মন্ত্রণালয়।
পরিপত্র অনুযায়ী, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকার ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের একটি পূর্ণাঙ্গ ও হালনাগাদ তালিকা তৈরি করতে হবে। তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম, পদবি, বর্তমান কর্মস্থল, সেখানে যোগদানের তারিখ এবং কতদিন ধরে দায়িত্ব পালন করছেন এসব তথ্য অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
এরপর তালিকা যাচাই-বাছাই করে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি কিংবা কর্মস্থল পরিবর্তনের জন্য প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
তবে নির্দিষ্ট তিন বছর পূর্ণ না হলেও প্রয়োজন অনুযায়ী বদলির সুযোগ রাখা হয়েছে। প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, শৃঙ্খলাজনিত বিষয়, কোনো অভিযোগ, কর্মদক্ষতা কিংবা অন্য কোনো সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণে বদলি দরকার হলে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে ব্যবস্থা নেওয়া যাবে।
মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা কর্মকর্তাদের পর্যায়ক্রমে পরিবর্তনের বিষয়টি নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই বাস্তবায়ন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এসএস