সরকারি অনুমতি ছাড়া দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং দায়িত্ব পালনে অসদাচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় পুলিশের চার কর্মকর্তার চাকরি বাতিল করেছে সরকার।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
চাকরি হারানো চার কর্মকর্তা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়, সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার, রংপুরের সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান এবং বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুক।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুসারে চার কর্মকর্তার বিরুদ্ধেই বিভাগীয় মামলা করা হয়। পরবর্তী সময়ে এসব মামলার তদন্ত সম্পন্ন হলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়।
অভিযোগ প্রমাণিত হওয়ার পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ নেওয়া হয়। এরপর রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে চার কর্মকর্তার চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
সদ্য সংবাদ/ এআর