ফেনীর মুহুরী-কহুয়া ও সিলোনিয়া নদী ঘিরে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করতে আগামী ১৭ সেপ্টেম্বর ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৫ আগস্ট) প্রকল্প এলাকা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর ফেনী সফরের বিষয়টি জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
পানিসম্পদমন্ত্রী বলেন, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ভারতের উজান থেকে নেমে আসা পানিতে ফেনীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই বন্যায় প্রায় ২৯ জনের প্রাণহানি ঘটে। পাশাপাশি প্রতিবছর নদীভাঙনের কারণে জেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে।
দীর্ঘদিন ধরে বন্যা ও নদীভাঙন থেকে স্থায়ী সুরক্ষার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে একটি বড় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প অনুমোদন করা হয়েছে বলে জানান মন্ত্রী।
প্রকল্পের আওতায় প্রায় ৬৭ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হবে। একই সঙ্গে ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো সংস্কারের কাজও বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ফেনীর বিভিন্ন এলাকায় বন্যার ঝুঁকি কমার পাশাপাশি নদীভাঙন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। এতে কৃষিজমি ও বসতবাড়ি রক্ষার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ার প্রত্যাশা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে পরশুরাম উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি শুরু করেছে। প্রকল্প এলাকার নিরাপত্তা ও উদ্বোধন অনুষ্ঠান ঘিরে প্রয়োজনীয় কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ৬৭ কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পটি গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়।
সদ্য সংবাদ/এসকে