দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য সংগ্রহকে নিজের প্রধান দায়িত্ব হিসেবে দেখছেন খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আগের দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন মন্ত্রণালয়ের দায়িত্বও সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চান তিনি।
জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, নিরাপদ ও মানসম্মত খাদ্য সংগ্রহের পাশাপাশি দেশের মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য মজুত নিশ্চিত করতে কাজ করবেন।
নিজ নির্বাচনী এলাকার মানুষের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ পাশে থাকায় তাদের জন্য কাজ করার সুযোগ পেয়েছেন। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে যেতে চান বলেও জানান তিনি।
এর আগে সাটুরিয়ার গিরীশ ইনস্টিটিউশন প্রাঙ্গণে আয়োজিত বিনামূল্যের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় আয়োজিত এ কার্যক্রমে কয়েক হাজার মানুষ চিকিৎসাসেবা নেন।
এ সময় সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, যুবদলের আহ্বায়ক আমীর হামজা, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বকুলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসকে