মক্কা প্যাক্টকে মুসলিম বিশ্বের আত্মরক্ষার একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়।
সম্পূরক প্রশ্নে রুমিন ফারহানা জানতে চান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্যাক্টে বাংলাদেশ যুক্ত হলে দেশের কী ধরনের সুবিধা হতে পারে।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে তিন দেশের মধ্যেই এই প্যাক্টের কার্যক্রম সীমাবদ্ধ। বাংলাদেশকে এতে অন্তর্ভুক্ত করার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। ফলে এই মুহূর্তে চুক্তিতে যোগদানের বিষয়টি নিয়ে সিদ্ধান্তেরও সুযোগ তৈরি হয়নি।
তিনি বলেন, ভবিষ্যতে চুক্তিভুক্ত দেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে ঢাকা বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। তবে এ ধরনের প্রস্তাব আসার আগে প্যাক্টের সম্ভাব্য সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করার সময় এখনো আসেনি।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে মক্কা প্যাক্টের পরিধি বাড়লে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সদ্য সংবাদ/এসকে