রোহিঙ্গা সংকটকে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে উল্লেখ করে এর সমাধানের মূল দায়িত্ব দেশটিরই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে রোহিঙ্গা সংকট নিরসন নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের বিষয়ে বাংলাদেশ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে চায় না। রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয় এবং তাদের নিজস্ব ভূখণ্ড মিয়ানমারেই। তাই সংকটের মূল সমাধান মিয়ানমারকেই করতে হবে।
তবে বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গা আশ্রয় নেওয়ায় বিষয়টি এখন আর কেবল মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে সীমাবদ্ধ নেই বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। মানবিক বিবেচনায় বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ওপর একটি বড় ধরনের মানবিক ও সামাজিক দায়িত্ব এসে পড়েছে। এ কারণে সংকটটির সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়েরও কার্যকর ভূমিকা প্রয়োজন।
রোহিঙ্গা প্রত্যাবাসন ও সংকট নিরসনে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার সংক্রান্ত বিধান অনুসরণ করে বাংলাদেশ কাজ করছে বলে জানান মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যেসব পদক্ষেপ নিতে চায়, সেসব উদ্যোগের পক্ষে দেশের জনগণের সমর্থন থাকা জরুরি। এ বিষয়ে জাতীয় পর্যায়ে জনমত ও ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ মানবিক মূল্যবোধ, আন্তর্জাতিক আইন ও দেশের সংবিধানের আলোকে কাজ করে যাবে।
সদ্য সংবাদ/এসকে