বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু।
শুক্রবার (২১ আগস্ট) এক বার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের বিজয়কে স্বাগত জানান মালদ্বীপের প্রেসিডেন্ট। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এ নির্বাচনকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি।
অভিনন্দন বার্তায় মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বিদ্যমান সম্পর্কের কথা তুলে ধরেন। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তি আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মালদ্বীপের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পাবে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হওয়ার প্রত্যাশাও জানান তিনি।
একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন মালদ্বীপের রাষ্ট্রপতি।
মালদ্বীপের প্রেসিডেন্টের এই শুভেচ্ছাবার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে মালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এক বার্তায় হাইকমিশন জানায়, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও মালদ্বীপ ভবিষ্যতেও ঘনিষ্ঠভাবে কাজ করবে।
রাষ্ট্রপতি নির্বাচনের পর মির্জা ফখরুলকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অভিনন্দন জানানোর ধারাবাহিকতায় মালদ্বীপের প্রেসিডেন্টের এই শুভেচ্ছাবার্তা এলো।
সদ্য সংবাদ/এসএস