বঙ্গভবনে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠান। দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণকে ঘিরে বঙ্গভবনের দরবার হলে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব আয়োজন সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠান পরিচালিত হবে।
অনুষ্ঠানের নির্ধারিত সূচি অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবনির্বাচিত রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে। পবিত্র কোরআন তিলাওয়াতের পর শপথ গ্রহণের মূল পর্ব অনুষ্ঠিত হবে।
ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। পুরো শপথ অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
রাষ্ট্রপতির শপথকে কেন্দ্র করে বঙ্গভবনে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। রাষ্ট্রীয় এ অনুষ্ঠানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংসদ সদস্য, বিচার বিভাগের প্রতিনিধি, কূটনীতিক, উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাংবিধানিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি ও আনুষ্ঠানিক ব্যস্ততা চলছে।
সদ্য সংবাদ/এসএস