মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আবহাওয়া আগামী কয়েকদিন বৃষ্টিপ্রবণ থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থান মাঝারি পর্যায়ে থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
আজ শুক্রবার থেকে শনিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগেরও কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও এ সময় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
রোববারও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। উত্তরাঞ্চল ও দেশের মধ্যাঞ্চলের পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
সোমবার থেকে বৃষ্টির প্রবণতা দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে তুলনামূলক বেশি থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবারও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকাতেও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির কারণে আগামী কয়েকদিন দেশের তাপমাত্রায় বড় ধরনের ঊর্ধ্বগতি না থাকলেও দিন ও রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে। বিশেষ করে বৃষ্টিপাতের সময় স্থানীয়ভাবে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
সদ্য সংবাদ/এসএস