নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক অভিজ্ঞতার প্রশংসা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়াকে যথার্থ সিদ্ধান্ত হিসেবে দেখছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশের পর সংসদ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আমির খসরু।
তিনি বলেন, মির্জা ফখরুল দীর্ঘ সময় ধরে দেশের রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক নানা প্রতিকূলতা মোকাবিলা করে তিনি সামনে এগিয়েছেন। আন্দোলন-সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে তার সক্রিয় ভূমিকা ছিল বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।
আমির খসরুর মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সততা ও যোগ্যতার কারণে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন যথাযথ হয়েছে। তাকে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেখে তিনি ব্যক্তিগতভাবে আনন্দিত বলেও জানান।
দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, একটি নির্বাচিত সংসদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হওয়া দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দেশের মানুষ দীর্ঘ সময় আন্দোলন করেছে এবং অনেক ত্যাগ স্বীকার করেছে। সেই অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করা জরুরি।
নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা প্রসঙ্গে আমির খসরু বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও রাষ্ট্রীয় ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষায় মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা করেন।
জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
সদ্য সংবাদ/এসএস