সৌদি আরবের মক্কা নগরীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি প্রতিযোগিতার চতুর্থ শাখায় সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।
৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অংশ নেন ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী। তাদের মধ্যে চতুর্থ শাখায় প্রথম হন বাংলাদেশের এই তরুণ হাফেজ।
নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। চতুর্থ শাখায় প্রতিযোগীদের একটানা ১৫ পারা কুরআন মুখস্থ উপস্থাপনের পাশাপাশি তিলাওয়াতের শুদ্ধতা ও তাজবিদের ওপরও পরীক্ষা দিতে হয়। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত শীর্ষস্থান নিশ্চিত করেন তিনি।
আয়োজকদের তথ্যমতে, এবারের আসরটি পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিভাগে কুরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রতিযোগীদের পারদর্শিতা যাচাই করেন সৌদি আরব ও আন্তর্জাতিক পর্যায়ের বিচারকরা। সব বিভাগ মিলিয়ে ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত করা হবে।
সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতায় এবারও বিশ্বের বিভিন্ন দেশের কুরআন শিক্ষার্থীরা অংশ নেন। মর্যাদাপূর্ণ এই আয়োজনের জন্য নির্ধারিত মোট পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।
নুরুদ্দিন জাকারিয়ার এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কুরআন শিক্ষার্থীদের প্রতিভার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
সদ্য সংবাদ/এসএস