রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ও নির্বাচিত প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।
ইসি জানায়, রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করেই এ ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচিত রাষ্ট্রপতির নাম ও নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ জন্য বাংলাদেশ সরকারি মুদ্রণালয়কে (বিজি প্রেস) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রজ্ঞাপনটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য গেজেটের ৫০০ কপি সরবরাহের অনুরোধও জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এতে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
ভোট গণনা শেষে নির্বাচন কমিশন জানায়, মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন। প্রদত্ত সব ভোটই বৈধ হিসেবে গণ্য হয়।
ফলাফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫ ভোট। আর অলি আহমদ পান ৮৮ ভোট। ফলে ১৬৭ ভোটের ব্যবধানে জয়ী হয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল।
ইসির প্রজ্ঞাপন জারির মাধ্যমে তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় নথিতে অন্তর্ভুক্ত হলো।
সদ্য সংবাদ/এসএস