রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি শুভকামনা জানান ১১ দলীয় ঐক্যের এই প্রার্থী।
বার্তায় অলি আহমদ আশা প্রকাশ করেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং সংবিধানের মর্যাদা সমুন্নত রাখায় কার্যকর ভূমিকা রাখবেন।
তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়বিচারের মূল্যবোধ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এটাই প্রত্যাশা।
নবনির্বাচিত রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করে অলি আহমদ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
সদ্য সংবাদ/এসএস