বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে এক বার্তায় তাকে অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় ব্রিটিশ হাইকমিশন মির্জা ফখরুলের নতুন দায়িত্বের সাফল্য কামনা করে। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহের কথা জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের যে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে, তা ভবিষ্যতে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে যুক্তরাজ্য বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি এবং সরকারের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার যোগ্য ছিলেন। তাদের মধ্যে ৩৪৩ জন ভোট দেন এবং সবগুলো ভোটই বৈধ হিসেবে গণ্য হয়।
ভোটের ফল ঘোষণার মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তার শপথ অনুষ্ঠান শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সদ্য সংবাদ/এসএস