ভোটগ্রহণের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ভোটাধিকার প্রয়োগ করেন।
এরপর রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন। তিনি ভোটকক্ষে প্রবেশ করলে উপস্থিত সংসদ সদস্যরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। ভোট দেওয়া শেষে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে রয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ।
জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের পাল্লা ভারী বলে মনে করা হচ্ছে। তবে একাধিক প্রার্থী থাকায় আইন অনুযায়ী ভোটের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে।
এবারের ভোটগ্রহণ গোপন ব্যালটে হচ্ছে না। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নামের পাশে প্রয়োজনীয় তথ্য লিখে স্বাক্ষর করে ভোট দিচ্ছেন।
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে। গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করবেন। পরে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে।
সদ্য সংবাদ/এসএস