নারীদের জন্য চালু করা বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিসে এবার যুক্ত হলো স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট। চলন্ত বাসে উচ্চগতির ইন্টারনেট সরবরাহের সম্ভাব্যতা যাচাই করতে পরীক্ষামূলকভাবে একটি বাসে স্টারলিংকের হাই পারফরম্যান্স ডিভাইস বসিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে মহিলা বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে পরীক্ষামূলক এই ইন্টারনেট সংযোগ প্রদর্শন করা হয়।
বিএসসিএল জানিয়েছে, চলমান যানবাহনে স্যাটেলাইটের মাধ্যমে দ্রুত ও স্থিতিশীল ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব কি না, তা যাচাই করাই এই পরীক্ষার মূল উদ্দেশ্য। একই সঙ্গে দেশের গণপরিবহন ব্যবস্থায় স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, পরীক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে গণপরিবহনে যাত্রীদের ডিজিটাল সংযোগ সুবিধা দেওয়ার বাস্তব সম্ভাবতা যাচাই করা হবে। পাশাপাশি ভবিষ্যতে বাসসহ অন্যান্য চলমান যানবাহনে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের কার্যকারিতাও পরীক্ষা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
সদ্য সংবাদ/এসএস