দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এই এলএনজি কেনা হবে। এতে অগ্রিম আয়করসহ সরকারের ব্যয় হবে প্রায় ১ হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ টাকা।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে আন্তর্জাতিক রিকোয়েস্ট ফর কোটেশন বা আরএফকিউ পদ্ধতিতে এলএনজি কেনার প্রস্তাবটি উপস্থাপন করে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রথম কার্গো এলএনজি আগামী ২৩ ও ২৪ আগস্ট সরবরাহ করা হবে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৮৭৮ মার্কিন ডলার। অগ্রিম আয়করসহ এই কার্গো কিনতে সরকারের ব্যয় হবে ৯২৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৩৩ টাকা ৯২ পয়সা।
দ্বিতীয় কার্গোটি সরবরাহের সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর। এ কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ২১ দশমিক ৭৭৮ মার্কিন ডলার। অগ্রিম আয়করসহ দ্বিতীয় কার্গো কিনতে ব্যয় হবে ৯২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৩৬৯ টাকা ৯২ পয়সা।
দুই কার্গো মিলিয়ে এলএনজি আমদানিতে সরকারের মোট ব্যয় দাঁড়াবে ১ হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ টাকার বেশি।
দেশে বিদ্যুৎ উৎপাদনসহ শিল্প ও অন্যান্য খাতে গ্যাসের চাহিদা পূরণে এলএনজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করার অংশ হিসেবেই নতুন করে এই দুই কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর প্রযোজ্য বিধান যাচাই-বাছাই করে প্রস্তাবটি অনুমোদন করেছে।
সদ্য সংবাদ/এসএস