নিজের স্বাধীনতা ভোগ করার পাশাপাশি অন্যের অধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার (১৭ আগস্ট) সকালে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় জিআর প্রকল্পের আওতায় চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের প্রতিটি নাগরিক স্বাধীন। তবে একজনের স্বাধীনতা যেন অন্যের অধিকার ক্ষুণ্ন করার কারণ না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি প্রশাসনের কর্মকর্তাদের জনগণকে নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার আহ্বান জানান। তার দাবি, জনগণের করের অর্থ থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয়। অথচ দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষ প্রত্যাশিত সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছেন।
বিএনপি সরকার গঠনের পর জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, সীমিত পরিসরে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দির ও গির্জার ধর্মীয় সেবকদের সম্মানি ভাতাসহ বিভিন্ন সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব কর্মসূচির আওতা আরও বাড়ানো হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, জিনজিরা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ শিবলিজ্জামান, ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল গনি, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, মো. আশরাফ হোসেন, মো. আজাদ হোসেন, যুবদল নেতা আবু জাহিদ মামুনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসকে