দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আগের তুলনায় উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তবে সাধারণ মানুষের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমেদ বলেন, সরকারের দায়িত্ব পালনের ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে, তা জনগণই মূল্যায়ন করবে। তবে মানুষের প্রত্যাশা অনুযায়ী সব ক্ষেত্রে অগ্রগতি আনতে আরও সময় লাগবে।
আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের একটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই প্রতিবেদনের তথ্য অনুমাননির্ভর। ফলে অনুমানের ওপর ভিত্তি করে তৈরি কোনো প্রতিবেদনকে সরকার গুরুত্ব দিচ্ছে না।
এ সময় দেশের জ্বালানি নিরাপত্তা নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতের জ্বালানি চাহিদা বিবেচনায় রেখে নির্দিষ্ট সময়ের জন্য জ্বালানি মজুতের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী কয়েক বছরের মধ্যে দেশের অভ্যন্তরীণ গ্যাসের চাহিদার বড় অংশ দেশীয় উৎস থেকেই পূরণ করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ উৎসের পাশাপাশি দীর্ঘমেয়াদি মজুত ও অবকাঠামো উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সদ্য সংবাদ/এসকে