ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হয়েছে। রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। একই সঙ্গে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১০ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টা ৫০ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আলোচিত মামলাটির রায় ঘোষণা শুরু করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলা এবং শাহাদাত হোসেন শামী।
রায় ঘোষণার সময় আদালতে আসামিপক্ষে অ্যাডভোকেট এস এম শাহজাহান, ব্যারিস্টার মাসুদ হোসেন দোলন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির।
এর আগে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলার রায় দেন। ওই রায়ে মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছিল।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেন নুসরাতের মা শিরীন আক্তার। ওই মামলায় সিরাজকে গ্রেপ্তার করা হয়। পরে মামলা প্রত্যাহারের জন্য নুসরাতের ওপর চাপ দেওয়া হলেও তিনি রাজি হননি বলে অভিযোগ রয়েছে।
এরপর ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে নুসরাতকে কৌশলে ছাদে নিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ফেনী হয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল মারা যান তিনি।
এ ঘটনায় ৮ এপ্রিল নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২৮ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৬১ কার্যদিবসে ৮৭ জনের সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ২০১৯ সালের ২৪ অক্টোবর ১৬ আসামির মৃত্যুদণ্ডের রায় দেন বিচারিক আদালত।
পরবর্তী সময়ে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদন, আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি হাইকোর্টে শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে সোমবার মামলাটির রায় ঘোষণা করা হলো।
সদ্য সংবাদ/এসকে